ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে আওয়ামী লীগের নতুন কমিটিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০০:০৫

গতকাল শুক্রবার ঢাকার ধামরাইয়ের সিটি সেন্টার এলাকার একটি কনভেনশন হলে উপজেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে উপজেলার ১৬টি ইউনিয়নে সম্মেলন সম্পন্ন ও কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে নবগঠিত এসব কমিটিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠিত হবে। উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন রদবদলের সম্ভাবনার কথা স্বীকার করে জানান, রদবদল তো হতেই পারে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র গোলাম কবির, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন প্রমুখ।