বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ জুড়ে এখন হাহাকার চলছে। জনমনে দুর্ভিক্ষের আশঙ্কা। চুয়াত্তরের চেয়েও খারাপ অবস্থা বিরাজ করছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের একেক মন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে একেক কথা বলছেন। কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না। খাদ্যপণ্যের দাম গাণিতিক হারে বাড়ছে। সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। এসব ব্যর্থতা ঢাকতে বিরোধী দল ও ভিন্নমতকে দমন করা হচ্ছে।
গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে রিজভীর নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল ঢাকা পশ্চিমের সভাপতি জুয়েল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি, পল্টন থানা যুবদল নেতা নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে। অসুস্থ নেত্রীর জামিনে বাধা দেওয়া হচ্ছে। দেশ জুড়ে অরাজকতা ও অপশাসন ধামাচাপা দিতেই বেগম জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করেন।
