বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ এমপি, জহিরুল হক ভুঁইয়া মোহন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক প্রমুখ। মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতীক) বলেন, পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করায় জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক পদ থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর সংসদ সদস্যের বিষয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, এমপি বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তত্কালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাশ। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হন। বুবলী ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে অন্যদের বিএ পরীক্ষা দেওয়ার বিষয়টি উঠে আসে গণমাধ্যমে। এই ঘটনায় বুবলীকে সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।
