শাহজাদপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০০:৩৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাড়াবিল মধ্যপাড়া গ্রাম থেকে শুক্রবার দুপুরে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন ঐ গ্রামের রাজমিস্ত্রি হইজন প্রামাণিক (৫৫) ও তার স্ত্রী রেখা খাতুন (৫০)। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শাহজাদপুর থানায় ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ জানান, রাজমিস্ত্রি হইজন প্রামাণিকের লাশ ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ছিল। আর রেখা খাতুনের লাশ বিছানায় পড়ে ছিল। শাহজাদপুর থানা সার্কেলের এসপি ফাহমিদা হক শেলী ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আসলাম আলী বলেন, নিহত রেখা খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।