হবিগঞ্জে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামবাসী। শনিবার বিকালে পুলিশ সুপারের নিকট তারা এসব অস্ত্র স্বপ্রণোদিত হয়ে জমা দেন। এ সময় তারা আর দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, পুলিশের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজ উদ্যোগেই প্রায় দেড় হাজার দেশীয় সুচালো ও ধারালো অস্ত্র জমা দেন। তাদের দেখে জেলার দাঙ্গা প্রবণ অন্যান্য এলাকার মানুষও অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ হবেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হকসহ গ্রামবাসী।
ইত্তেফাক/জেডএইচ
