বগুড়া-সৈয়দপুর পাইপলাইন

গ্যাস সরবরাহে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:২৬

বগুড়া থেকে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনে গ্যাস সরবরাহের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এ নিয়ে প্রস্তাব অনুমোদন করলে নীলফামারী জেলা প্রশাসন জমি অধিগ্রহণ কাজে হাত দেবে। এ সংক্রান্ত রোটম্যাপ তৈরি ও জরিপ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

সৈয়দপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, জিটিসিএল কর্তৃপক্ষ গত মে মাসে পাইপলাইন স্থাপনে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে সৈয়দপুর উপজেলা ভূমি অফিস পাইপলাইন স্থাপনে রোটম্যাপ ও জরিপ কাজ এগিয়ে নেয়। সে অনুযায়ী সৈয়দপুর অংশে প্রায় সাড়ে ১৬ একর জমি অধিগ্রহণ ও ২৬ দশমিক ৫ একর জমি হুকুম দখলের প্রস্তাব করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। সৈয়দপুর অংশে এর দৈর্ঘ্য হবে ছয় কিলোমিটার। এছাড়াও সৈয়দপুরে গ্যাস সরবরাহের জন্য ট্রান্সমিট স্থাপন করা হবে। শহরের বাইপাস সড়কের ওয়াপদা মোড় এলাকায় ঐ স্টেশনটি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে।

জিটিসিএলের সূত্র মতে, বগুড়া থেকে আসা গ্যাস সরবরাহ পাইপের ব্যাস হবে ৩০ ইঞ্চি। এর ফলে ঐ পাইপের আশপাশে ২৪ ফুট প্রস্থের জমি প্রয়োজন হবে। জরিপে বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত ৩০ মে এ সংক্রান্ত অধিগ্রহণ প্রস্তাবনা জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে পাঠিয়েছে সৈয়দপুর ভূমি অফিস।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, পাইপলাইনে গ্যাস সরবরাহের প্রয়োজনে এরই মধ্যে ভূমি জরিপ ও  রোটম্যাপ তৈরির কাজ করেছি আমরা। জমি অধিগ্রহণ প্রস্তাবনাও পাঠানো হয়েছে। খুব শিগিগরই এ নিয়ে কাজ শুরু করতে পারব।

সৈয়দপুরের শিল্পপতি ও ইকু গ্রুপের পরিচালক সিদ্দিকুল আলম জানান, উত্তরের শিল্প শহর সৈয়দপুরে গ্যাস এলে এ অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে নতুন প্রাণের সঞ্চার হবে। শিল্পে সমৃদ্ধ হয়ে উঠবে। ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।