আটঘরিয়ায় শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:২৭

জমিজমা নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে আটঘরিয়ায় এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম আশরাফ আলী (৪৫)। তিনি উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে।

আশরাফ আলী ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। নিহতের ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এ নিয়ে ঘটনার দিন বাড়ির পাশে মাঠে আফজালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে শিক্ষক আশরাফ আলীকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।