আন্তর্জাতিক বৌদ্ধ-মুসলিম ফোরাম নেতৃবৃন্দরা বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গার কারণে স্থানীয়রা অনেকটাই সংখ্যালঘুতে পরিণত হয়েছে। এতে বেকায়দায় পড়া স্থানীয়রা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক রোহিঙ্গা লোকালয়ে মিশে যাচ্ছে। রোহিঙ্গাদের ব্যবহার করে স্বার্থান্ধ গোষ্ঠী ধর্মকে কাজে লাগিয়ে সংঘাত সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে ধর্মীয় নেতাদের সতর্ক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের লংবিচ হোটেলে সম্মেলন শেষে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্মীয় নেতারা। আন্তর্জাতিক বৌদ্ধ-মুসলিম ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে সারাবিশ্বের ২০টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেয়। এতে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, চীন, জাপান, কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও মালয়েশিয়ার প্রায় অর্ধশতাধিক ধর্মীয় নেতারা অংশ নেয়। এ সময় বাংলাদেশের পক্ষে প্রিন্সিপাল সুকুমল বড়ুয়া, প্রফেসর ড. আবু বক্কর, প্রফেসর রনজিদ কুমার দে, প্রফেসর প্রবাধ চন্দ্র বড়ুয়া ও ইসলামী ফাউন্ডেশন কক্সবাজারের পরিচালক ফাহামিদা বেগমসহ ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।
