পিতামাতাকে নির্যাতন

যুবকের দুই বছরের সশ্রম কারাদণ্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৩০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অপরাধে ছেলেকে দুই বছরের জেল (সশ্রম কারাদণ্ড) দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-ইমরান রহুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। এ সময় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানও উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ছেলে শেখ গাজ্জালী হাসান (৩২)। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উজিয়ালপুর গ্রামের মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের ছেলে।

এ বিষয়ে শনিবার দুপুরে ইউএনও আল-ইমরান রুহুল ইসলামের সঙ্গে কথা হলে এসব তথ্য নিশ্চিত করে বলেন, উজিয়াপুর গ্রামের মুক্তিযোদ্ধা বৃদ্ধ বদর উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে ঐ গ্রামে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্ত শেখ গাজ্জালীকে শনিবার দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।