চোট কাটিয়ে নেইমার পিএসজিতে ফেরার দিনে গোল পাননি ঠিকই, তবে সহায়তা ছিল একটিতে। ব্রাজিলীয় এই তারকার ক্লাবে ফেরার দিনে আলো পিএসজির হয়ে আলো কাড়লেন দুই আর্জেন্টাইন। মাউরো ইকার্দি আর ডি মারিয়ার গোলে লিলেকে ২-০ ব্যবধানে হারিয়ে ফরাসী লিগে নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করল শিরোপাধারী দলটি।
নিজেদের মাঠে শুক্রবার রাতে প্রথমার্ধ্বেই দুটো গোল পেয়েছে পিএসজি। ১৭ মিনিটে ইকার্দি আর ৩১ মিনিটে মারিয়ার গোল জয় নিশ্চিত করে দলটি। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ১১-তে নিয়ে গেছে থমাস টুখেলের শিষ্যরা। তবে আজ রবিবার রাতে অ্যাঙ্গার্সের বিপক্ষে মার্শেই জিতলে সেটা আবার আটে নেমে আসবে।
ক্লাবে ফেরার দিনে নেইমার একটি গোলের যোগান দিলেও কোচ টুখেলের মন ভরাতে পারেননি। পিএসজি কোচ জানালেন তার নিজের মান অনুযায়ী এটা ছিল গড়পড়তা থেকে নিচুমানের পারফরমেন্স। তবে ব্রাজিল তারকার সদ্য চোট থেকে ফেরার কথা মাথায় রেখে একে উদ্বিগ্ন হচ্ছেন না টুখেল।
নেইমারের পারফরমেন্স সম্পর্কে জার্মান এই কোচের মূল্যায়ন, ‘না। তার এ খারাপ পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তার কিছু। তার থেকে আজ খুব বেশি কিছু আশা করিনি আমি, কেননা সে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিল। এটা তার মতো খেলোয়াড় যারা যে কোনো কাজের জন্যে গতি চায়, তাদের জন্যে অনেক কিছু। আজ তার খেলায় নির্ভুলতার অভাব ছিল, টাইমিং ঠিক ছিল না। কিন্তু এমনই হবার কথা। তার কিছু সময় খেলা প্রয়োজন ছিল।’
৬৫ মিনিটে তাকে তুলে নিয়ে এমবাপেকে মাঠে নামান কোচ। সে সিদ্ধান্তটা ঠিক মনোপুত হয়নি নেইমারের। মাঠ থেকে সোজা টানেল হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন ব্রাজিল তারকা। তবে এতে আপত্তিকর কিছু দেখছেন না কোচ। তিনি বলেন, ‘এটা স্বাভাবিক। অনেক খেলোয়াড়ই সোজা লকার রুমে চলে যায়। আমি সেটা দেখিনি কারণ মনোযোগটা ম্যাচে ছিল, কৌশল বদলাচ্ছিলাম আমি। এ ব্যাপারে আমাদের কথা হয়েছে। কিন্তু এ নিয়ে আর কথা বলতে চাই না আমরা।’
দুই গোলদাতা ইকার্দি আর মারিয়ার ভূয়সি প্রশংসাও করলেন তিনি। টুখেলের ভাষ্য, ‘তারা ফিট এবং এক সঙ্গে বেশ শক্তিশালীও। দুই জনেই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আমাদের সঙ্গেই ছিল। এটা ভালো কারণ আপনি তাদের ম্যানেজ করতে পারেন এবং ম্যাচে চনমনে রূপেই খেলোয়াড়দের পান। দুই জনেই ভালো খেলেছে এবং গোল করেছে। এটাই আমাদের পক্ষে পার্থক্য গড়ে দিয়েছে।’
