মরিনহোর ফেরায় খুশি ক্লপ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৪১

য়ুর্গেন ক্লপের লিভারপুলের কাছে হেরেই গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের চাকরি হারিয়েছিলেন হোসে মরিনহো। এর ১১ মাস পর আবারও কোচিংয়ে ফিরেছেন তিনি। টটেনহ্যামের কোচ হয়ে মরিনহোর এই ফেরায় আনন্দ প্রকাশ করেছেন ক্লপ। পর্তুগিজের এই কোচকে স্বাগতও জানিয়েছেন লিভারপুল কোচ।

কোচিং ক্যারিয়ারে বেশ কয়েকবার মরিনহোর দল থেকে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন ক্লপ। তবে সে প্রতিদ্বন্দ্বিতার রেশ একপাশে রেখে মরিনহোকে ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগত জানালেন ক্লপ। তিনি বলেন, ‘আপনাকে আবারও স্বাগত হোসে। তাকে ফিরে পাওয়াটা অবশ্যই ভালো ব্যাপার। সে ফেরার জন্যে মরিয়া ছিল। সে যখন কোচিংয়ে ছিল না তখন আপনারাও ব্যাপারটা দেখেছেন।’

তবে টটেনহ্যামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোর জন্যেও কিছুটা সহমর্মিতা ঝরে পড়ল ক্লপের কণ্ঠে, ‘অন্যদিকে মরিসিও এখন আর সেখানে নেই। এর মাধ্যমে বুঝা যায় সাম্প্রতিক সময়ে কতো দ্রুত পরিস্থিতি পালটে যেতে পারে!’

লিভারপুল কোচ মনে করেন সাবেক স্পার্স কোচের অবসর সময়টা উপভোগ করা উচিত। তিনি বলেন, ‘পাঁচ মাস আগেই আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছি আর এখন সে ছুটিতে! সত্যি বলতে, আমি আশা করব সে এটা উপভোগ করেই কাটাবে।’

তিনি আরো যোগ করেন, ‘সে টটেনহ্যামে দারুণ কাজ করেছে। এটা কেউ অস্বীকার করবে না, সবাই এটা জানে। সে এক জন দারুণ কোচ এবং মানুষ হিসেবেও অসাধারণ।’