বার্সার কষ্টার্জিত জয়

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৪২

চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে ভোগান্তির শিকার হওয়াটাকে একরকম অভ্যাসেই পরিণত করে ফেলেছে বার্সেলোনা। গতকাল শনিবারও যেমন লেগানেসের মাঠে ১৩ মিনিটেই পিছিয়ে পড়েছিলেন লিওনেল মেসিরা। ফরোয়ার্ড ইউসেফ এন নাসরির গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছিলো স্বাগতিক লেগানেস। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সা। শেষমেশ আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা সমতায় ফেরে ৫৩ মিনিটে। লিওনেল মেসির ফ্রিকিকে মাথা ছুঁইয়ে স্কোরলাইন ১-১ করেন লুই সুয়ারেজ। বদলি হিসেবে মাঠে নামা মিডফিল্ডার আর্তুরো ভিদাল ৭৯ মিনিটে কর্নার থেকে গোল করলে ২-১ ব্যবধানের কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা শিরোপাধারীরা।