ছাতকে প্রতিহিংসার আগুনে পোলট্রি ফার্ম পুড়ে ছাই

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৪৪

ছাতকে শত্রুতাবশত প্রতিপক্ষের দেওয়া আগুনে সহস্রাধিক মোরগসহ একটি পোলট্র্রি ফার্ম ভস্মীভূত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল করিমের পোলট্র্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১ হাজার ১০০ মোরগসহ গোটা ফার্ম পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে আব্দুল করিম এনজিও থেকে ঋণ নিয়ে এলাকায় জমি ভাড়া করে পাশাপাশি দুটি পোলট্র্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের মোরগ বিক্রি করেই তার ১০-১২ জনের পরিবারের ভরণ-পোষণ করতেন। প্রতিবারের মতো এবারও তার দুটি ফার্মে ২ হাজার মোরগ লালন-পালন করে বিক্রির উপযুক্ত করে তুলেন। গড়ে প্রায় দেড় কেজি ওজনের এসব মোরগ কয়েক দিনের মধ্যেই বিক্রি করার কথা ছিল।

ভুক্তভোগী আব্দুল করিম জানান, বুধবার রাতে তার মায়ের মৃত্যুবার্ষিকী নিয়ে ব্যস্ত ছিলেন। এ সুযোগে মধ্যরাতে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন ফার্মে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ফার্মে। পরে স্থানীয় লোকজন এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একটি ফার্মের ১ হাজার ১০০ মোরগ ভস্মীভূত হয়। বৃহস্পতিবার সকালে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহাদেব ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা জানা যায়নি।