গ্রামেও সুপেয় পানি পৌঁছে দেওয়া সরকারের বড়ো চ্যালেঞ্জ —এলজিআরডি মন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৫২

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, মানুষের কাছে নিরাপদ পানি সরবরাহ করা বড়ো চ্যালেঞ্জ। শুধু শহর নয়, গ্রামেও সুপেয় পানি পৌঁছে দেওয়া বাংলাদেশ সরকারের বড়ো চ্যালেঞ্জ। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। একটি পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় একসময় পানি সংকট তৈরি হয় সিডিএ এবং হালিশহর এলাকায়। পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পানি সংকট নিরসন হয়। এ রকম ব্যয়বহুল প্রকল্পের ফলটা যাতে ভালো হয় সে ব্যাপারে সকলকে লক্ষ্য রাখতে হবে। আমি কখনো জাতীয় স্বার্থে আপস করি না। চট্টগ্রাম ওয়াসার আরো পাঁচটি প্রকল্প গ্রহণ করা হবে যার প্রতিটির ব্যয় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা।

তিনি গতকাল শনিবার দুপুরে হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে আয়োজিত ওয়াসার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের (১ম পর্যায়) পরামর্শক নিয়োগের চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফয়জুল্লাহ, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহিদুল ইসলাম ও মো. ইব্রাহিম, মালয়েশিয়ার পরামর্শক প্রতিষ্ঠান জেবি এরিঙ্কোর ব্যবস্থাপনা  পরিচালক তনুশ্রী, জাহেদ ইবনে আহমেদ লাদেন।

পরামর্শক প্রতিষ্ঠানসমূহ হলো—মালয়েশিয়া ভিত্তিক জেবি অফ এরিঙ্কো এবং বাংলাদেশের বিইটিএস কনসাল্টিং সার্ভিস লিমিটেড, ডেভ কনসালট্যান্ট লিমিটেড, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)।