নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শনিবার সকাল থেকে দিনাজপুরে বেশিরভাগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। তবে এটি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন পরিবহন নেতারা। চালক সিরাজুল ইসলাম বলেন, নতুন যে আইন করা হয়েছে তাতে শুধু চালকদেরই দোষারোপ করা হচ্ছে। কিন্তু চালকরা তো ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনা কমাতে হলে চালকদের পাশাপাশি যাত্রীসহ সবাইকে সচেতন করতে হবে। এই পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমরা পেটের ভাত জোগাড় করতে এসেছি। কোনো অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য জেলে যেতে রাজি নই। তাই এই আইনটি দ্রুত সংশোধন প্রয়োজন। আর এই সংশোধনের দাবিতেই আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, এটি সংগঠনের সিদ্ধান্ত না। কিছু চালক নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এটি নিয়ে বৈঠক করা হচ্ছে। এদিকে কোনো ঘোষণা ছাড়া হঠাত্ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। সফিকুল ইসলাম নামের একজন জানান, সকালে পঞ্চগড় যাওয়ার উদ্দেশে টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছি আমি। এখন বিকল্প যানবাহনে করে যেতে হলে আমাকে ভোগান্তি পোহাতে হবে। বাড়তি ভাড়াও যাবে। একই কথা জানান ফুলবাড়ীর উদ্দেশে বাড়ি থেকে বের হওয়া রুস্তম আলী। তিনি বলেন, এক আত্মীয়ের বাড়িতে যাব জরুরি প্রয়োজনে। কিন্তু বাস বন্ধ। এখন অটোতে করে যেতে হবে। সে ক্ষেত্রে ভাড়া গুণতে হবে তিন গুণ।
