বিশ্বে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২২:৫৬

বিশ্বে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি দায়ী বলে অভিযোগ করেছে চীন। ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্যের মাধ্যমে প্রপাগাণ্ডা চালায় বলেও অভিযোগ চীনা স্টেট কাউন্সিলর ওয়াং ই’র। তার বরাত দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

জাপানের শহর নাগোয়ায় জি-২০ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ ওয়াং ই এসব কথা বলেন বলে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র একতরফাবাদ ও সুরক্ষাবাদের মাধ্যমে বহুত্ববাদ ও বহুপাক্ষিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। এটাই বিশ্বে অস্থিরতার সবচেয়ে বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশে যুক্তরাষ্ট্র চীনা ব্যবসায়ীদের ওপর নীপিড়ন চালাচ্ছে। আর মার্কিন রাজনীতিকরা বিশ্ব জুড়ে চীনের বিরুদ্ধে দুর্নাম ছড়ায় যার কোনো প্রমাণ তারা দিতে পারেননি। ওয়াং ই আরো বলেন, দেশীয় আইন ব্যবহার করে ওয়াশিংটন চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। দেশটি হংকংয়ের স্থিতিশীলতাকে নষ্ট করছে বলেও অভিযোগ করেছেন চীনের স্টেট কাউন্সিলর।