ঢাকার রূপনগর এলাকায় ভাঙা রাস্তা সংস্কার করে সম্প্রতি সুন্দরভাবে করা হয়েছে। কিন্তু নতুন এই রাস্তার বিশেষ করে ২৭ নম্বর সড়কের মাঝখানে সকাল হতে না হতেই হাটবাজার বসে যায়। মুরগি, মাছ, শাকসবজি ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট বসে যায় পুরো রাস্তা জুড়ে। রাস্তা দখল করে মাছ, মুরগি পর্যন্ত কাটা হয়। কখনো সখনো মাছ-মুরগি কোটার রক্ত পথচারী নাগরিকদের দিকে ছিটে এসে জামা-কাপড় নষ্ট করে দেয়। কিন্তু কেউই প্রতিবাদ করতে সাহস পায় না। পুরো রাস্তা দখলিদের কারণে যানবাহন চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে। ভ্যানগাড়িতে হাটবাজার বসিয়ে হকাররা ২৭ নম্বর সড়ক নষ্ট করে দিচ্ছে। হকাররা রাস্তার পাশে প্রস্রাবও করে থাকে। ময়লা-আবর্জনা তো ফেলছেই। এ কারণে ২৭ নম্বর সড়কে দুর্গন্ধের কারণে এলাকাবাসীকে নাকচেপে চলতে হয়। উলেখ্য, রূপনগর আবাসিক এলাকায় নির্ধারিত কয়েকটি বাজার রয়েছে। তাছাড়া রাস্তা দখলদারদের বসার জন্য রূপনগরের ঝিলপাড়ে প্রচুর জায়গা রয়েছে, সেখানে ভ্যানগাড়িসহ হকারদের পুনর্বাসনের সুযোগ আছে। এ অবস্থায়, রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর সড়কের মাঝখানে যাতে কেউ ভ্যানগাড়ি তে হাটবাজার বসাতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
