ভোলায় জুয়া খেলা নিয়ে মারধরের ঘটনায় সালিশী বৈঠকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদের হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,? গত বুধবার জুয়া খেলাকে কেন্দ্র করে রাজাপুরে খালেক গ্রুপ ও পশ্চিম ইলিশার মামুন গ্রুপের মধ্যে মারামারি হয়। ঐ ঘটনা মীমাংসার জন্য শনিবার সকালে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজান খানের মধ্যস্থতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রৌদের হাট বাজারে সালিশী বৈঠক বসে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাঁধে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। চেয়ারম্যান মিজান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
