রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বোনের সাথে অভিমান করে গতকাল শনিবার সন্ধ্যায় রবিন সিকদার (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিন নড়াইলের রিয়াজুল সিকদারের ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে রবিন মেজো। স্বজনরা জানান, সন্ধ্যায় বড় বোনের সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে সে গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষনা করেন।
২ জনের লাশ উদ্ধার: শাহবাগ থানার হাইকোর্ট মাজার এলাকা থেকে গতকাল সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৬০)মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে বকশি বাজার মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীকে (৪৫) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত ৮টার দিকে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত নারীর পরনে ছিলো প্রিন্টের সুতি শাড়ি। মৃতদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। পুলিশ জানিয়েছে, দুইজনই ভবঘুরে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু: রাজধানীর খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রাজন (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উদ্ধারকারী সুজন জানান, রাজন মার্কেটে মাছের দোকানে কাজ করতো। সন্ধ্যায় একটি কুকুরের বাচ্চাকে গলির ভেতরে ঢুকাতে রড দিয়ে আঘাত করতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
