আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে আন্তর্জাতিক নাট্যোত্সব ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’। আয়োজনে প্রতিদিন মঞ্চায়িত হচ্ছে একটি নাটক। সেই ধারাবাহিকতায় আজ মঞ্চে প্রদর্শিত হবে ভারতের নাট্যদলের নাটক ‘ব্ল্যাক হোল’। নাটকটির নির্দেশনা দিয়েছেন জ্যোতি ডোগরা। নাটকটি মঞ্চায়িত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আয়োজনে নির্দেশকের মুখোমুখি একটি বিভাগ রয়েছে। সেই বিভাগের অতিথিও আজ জ্যোতি ডোগরা।
এছাড়াও সন্ধ্যা ৬টায় সংগীত পরিবেশন করবে ‘পথের দল’। রাত ৯টায় অন্তরালের সম্মাননা দেওয়া হবে আলোক সহকারী মনির হোসেন।
গতবারের মতো এবারো থাকছে দেশের ৮টি বিভাগের ৮ নাট্যজনকে সম্মাননা প্রদান, যারা খুব নীরবে-নিভৃতে দীর্ঘদিন ধরে নাট্যচর্চাকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন ও করছেন। বটতলা রঙ্গমেলা উত্সবে প্রতিবারই মঞ্চের একজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করে থাকে। এবার উত্সবের সমাপনী অনুষ্ঠানের দিন আজীবন সম্মাননা প্রদান করা হবে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদকে। বটতলা এবারের উত্সবে যুক্ত করতে যাচ্ছে আরেকটি ভিন্নমাত্রা। বিভাগীয় নাট্যজনদের পাশাপাশি এবার পর্দার অন্তরালের ১০ জন মানুষকে সম্মান জানানো হবে, যারা দীর্ঘদিন ধরে মঞ্চনাটককে সফল করতে অন্তরালে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, স্পেন, ইরান ও নেপাল। প্রতিদিন বহিরাঙ্গনে ‘নাদিম মঞ্চে’ থাকছে নাটক, গান, কবিতা, মূকাভিনয়, নাচসহ বিভিন্ন আনন্দ আয়োজন, যা শুরু হচ্ছে সন্ধ্যা ৬টায়।
