রান ১০০ হওয়ার আগেই ৫ উইকেট হারানো পাকিস্তানের পরাজয়টা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। বাবর আজমের সেঞ্চুরি ও মোহাম্মদ রিজওয়ানের দৃঢ়তায় প্রতিরোধ অবশ্য গড়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত দলটিকে ইনিংস ব্যবধানেই হারিয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। দলের একমাত্র ইনিংসে ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন মার্নাস লাবুশেন। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হবে দুই দল।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে ৩৩৫ রানে। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া বাবর করেন ১০৪ রান, রিজওয়ান ৯৫। ৩ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা পাকিস্তান প্রথম ঘণ্টাতেই খায় বড়ো ধাক্কা। ব্যক্তিগত ৪২ রানে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আগের দিন অপরাজিত থাকা ওপেনার শান মাসুদ। পরের ওভারে জশ হেইজেলউড ফিরিয়ে দেন নতুন ব্যাটসম্যান ইফতিখার আহমদেকে। দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছোঁয়ার আগেই নেই পাঁচ উইকেট।
বাবর ও রিজওয়ানের জুটিতে সেই বিপর্যয় সামাল দেয় পাকিস্তান। দুজন মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১৩২ রান। কামিন্সের বলে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছান বাবর। বিদেশের মাটিতে এটিই তার প্রথম সেঞ্চুরি।
এরপর অবশ্য বেশিদূর যেতে পারেননি তিনি। ১০৪ রানে নাথান লায়নের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। তার ১৭৩ বলের ইনিংসে ছিল ১৩টি চার।
সপ্তম উইকেটে ইয়াসিরকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন রিজওয়ান। ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু তিন অঙ্ক থেকে মাত্র পাঁচ রান দূরে দাঁড়িয়ে হেইজেলউডের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। তার ইনিংসে চার ছিল ১০টি।
শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে এরপর দলকে আরো খানিকটা টানেন ইয়াসির। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। নতুন বল হাতে পেয়েই বিধ্বংসী হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার পেসাররা।
নিজের টানা দুই ওভারে ৪২ রান করা ইয়াসির ও ১০ রান করা আফ্রিদিকে ফেরান হেইজেলউড। ইমরান খানকে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন মিচেল স্টার্ক।
২১ ওভারে ৬৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার হেইজেলউড। ৭৩ রান দিয়ে স্টার্ক পেয়েছেন ৩ উইকেট।—বিডি নিউজ
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস : ২৪০ ও দ্বিতীয় ইনিংস : (আগের দিন ৬৪/৩) ৮৪.২ ওভারে ৩৩৫ (মাসুদ ৪২, আজহার ৫, হারিস ৮, আসাদ ০, বাবর ১০৪, ইফতিখার ০, রিজওয়ান ৯৫, ইয়াসির ৪২, শাহিন শাহ ১০, ইমরান ৫, নাসিম ০*; স্টার্ক ১৬.২-১-৭৩-৩, কামিন্স ২১-৬-৬৯-২, হেইজেলউড ২১-৩-৬৩-৪, লায়ন ২১-৩-৭৪-১, লাবুশেন ৫-০-৩৮-০)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫৮০
ফল : অস্ট্রেলিয়া ইনিংস ও ৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : মার্নাস লাবুশেন।
