গুগল শুধুই সার্চ ইঞ্জিন নয়। গুগল প্রত্যেক বছর নানান হিডেন গেম তৈরি করে থাকে আর নির্দিষ্ট দিনের জন্য যেগুলোকে গুগল হোমপেজে দেখতে পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে এখনো এই গেমগুলো খেলে মজা নিতে পারেন। আর সত্যি বলতে এই গেমের পরিমাণ কিন্তু ছোটো নয়, তাই সিরিজ আকারে একের পর এক গেমগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ শুরু করলাম পাঁচটি লুক্কায়িত গুগল গেম দিয়ে, যেগুলো আপনার এক্ষুণি খেলা শুরু করা উচিত!
ব্যাস্কেট বল গেম
যারা অনেক দিন ধরে গুগল সার্চ ব্যবহার করে আসছেন, তারা এই গেমের সঙ্গে পরিচিত হলেও হতে পারেন। গুগল এই মজার গেমটি ২০১২ সালে প্রথম উন্মুক্ত করে। এই গেমে নানান দূরত্বে আপনি ঝুড়ির দিকে বল ছুড়ে মারতে পারবেন। এই টাইপের গেম একেবারেই সহজ আর সময় কিল করার পারফেক্ট ম্যাশিন! Basketball-২০১২ গেমটি এখানে প্লে করুন।
আপনি মাউসের বাটন যতো বেশি সময় ধরে চেপে ধরে থাকবেন আপনার বল ছুড়ে মারার গতি তত বেশি বৃদ্ধি পাবে। এর মানে আপনাকে সঠিক স্পিডটি খুঁজে বের করতে হবে, আর তারপরে ব্যাস, সব বল শুধু ব্যাস্কেটের মধ্যেই প্রবেশ করবে। আর তখন নিজেকে বিশাল বড়ো এক ব্যাস্কেট প্লেয়ার মনে করে গর্ব করতে শুরু করতে পারেন। আপনি নির্দিষ্ট কিছু সময় পাবেন, এর মধ্যে যত ইচ্ছা স্কোর করতে পারবেন, আর আগেই বললাম একবার সঠিক স্পিড মেপে ফেলতে পারলেই আপনি চ্যাম্পিয়ন। কিন্তু একবার গেম চলতেই থাকলে আপনাকে দূর থেকে আরো দূরে বল ছুড়ে মারতে থাকতে হবে! একটি প্র-টিপস দিচ্ছি, আপনি কিবোর্ড থেকে স্পেস বাটন চেপেও বল নিক্ষেপ করতে পারবেন!
টি-রেক্স দৌড়
ইন্টারনেট কানেকশন না থাকলে মাথা খারাপ হয়ে যাওয়া অস্বাভাবিক কোন ব্যাপার নয়, আর গুগল সেটা ভালো করেই যানে! তাই তো গুগল ক্রোম অফলাইন হতেই টি-রেক্স দৌড় গেমটি চলে আসে। এই লুকায়িত গেমটি বেশ আসক্তি-সৃষ্টিকারী এবং কিউট! আমি এক সময় এই গেমের পেছনে যে কতো সময় ব্যয় করেছি তার হিসেব নেই। গেমটি খেলতে আপনার গুগল ক্রোম ব্রাউজার লাগবে ও কোন ইন্টারনেট কানেকশন থাকা চলবে না, গেমটি অ্যান্ড্রয়েড বা পিসি উভয় প্ল্যাটফর্মেই খেলতে পারবেন।
তো গেমটি খেলার জন্য প্রথমে ওয়াইফাই, মডেম যা দিয়ে ইন্টারনেট ইউজ করেন জাস্ট বিচ্ছিন্ন করে নিন, এবার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। দেখবেন একটি ‘Unable to connect to the Internet’ স্ক্রিনের পাশাপাশি একটি টি-রেক্স দেখতে পাওয়া যাবে। স্পেস বাটনে প্রেস করলেই টি-রেক্সটি দৌড়াতে শুরু করবে, এবার স্পেস বাটন প্রেস করতে থাকবেন আর টি-রেক্স লাফাতে থাকবে। এভাবেই টি-রেক্স লাফিয়ে লাফিয়ে ক্যাকটাস থেকে নিজেকে বাঁচাবে আর চলতেই থাকবে।
প্যাক-ম্যান গুগল সার্চ গেম
গুগল ডুডলে এই প্যাক-ম্যান গেম প্রথম মে ২১, ২০১০-এ দেখতে পাওয়া যায়। গেমটি শুরু করার জন্য জাস্ট গুগল সার্চে লিখুন ‘pacman’। ব্যস, এরপরের ব্যাপারগুলো নিশ্চয় আর বলে দিতে হবে না। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে জাস্ট টাইমলেস বিজনেসে নেমে পড়ুন, সারা দিন এবার Inky, Pinky, Blinky এবং Clyde এর হাত থেকে পালিয়ে বেড়ান।
স্নেক গেম
বাস্তব জীবনে কোনো প্রজাতির সাপ অ্যাপেল খায় এই ব্যাপারে জানা নেই, কিন্তু গুগল সার্চের সাপ গেমে আপনি সাপকে অ্যাপেল খেতেই দেখতে পাবেন। নোকিয়া ক্লাসিক সেই সাপ গেমের মতোই এই গেমটিও, অজস্র সময় নিমিষের মধ্যেই হাওয়া করে দেবে। নোকিয়ার সেই সাপ গেমের ওপরেই এই গেমটি তৈরি করা হয়েছিল। আর কীভাবে খেলতে হবে সেটা শিখিয়ে কি দরকার শব্দ নষ্ট করা, এর থেকে নিজেই ট্রায় করে দেখুন! আর হ্যাঁ, গেমটি শুরু করতে গুগল সার্চে গিয়ে লিখুন, ‘Google Snake Game’ আর টপ সার্চ রেজাল্ট থেকে গেমটি খেলতে শুরু করুন।
ব্রেইকআউট
১৯৭২ সালে Steve Wozniak এবং Steve Jobs এই ‘ব্রেইকআউট’ গেমটি ডেভেলপ করেন। গেমটির নিচের দিকে একটি দাঁড় থাকে যেখানে একটি বল বারবার এসে বাউন্স করে আর ওপরের ইটগুলোকে ভেঙে দেয়। বলটি নিচের দাঁড় আর ইটগুলোর মধ্যে চলমান থাকে—এভাবেই চলতেই থাকে যতক্ষণ ইটগুলো ভেঙে শেষ না হয়ে যায়। এই ক্ল্যাসিক গেমটি উপভোগ করার জন্য গুগল গিয়ে সার্চ করতে হবে ‘Atari Breakout’ লিখে, তারপরে ইমেজ সার্চ ট্যাবে প্রবেশ করতে হবে, ব্যস, খেল শুরু হয়ে যাবে। গুগল সার্চ পেজের ইমেজগুলো ইটে পরিণত হবে আর নিচে একটি প্যাডল চলে আসবে যেটা কিবোর্ডের অ্যারো কী ব্যবহার করে ন্যাভিগেট করা যাবে।
