কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠার ১২০ বছর পেরিয়ে ১২১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে কলেজ কর্তৃপক্ষ। ১৮৯৯ সালের ২৪ নভেম্বর রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় তত্কালীন ব্র্রিটেনের রাণী ভিক্টোরিয়ার নামানুসারে কলেজটি প্রতিষ্ঠা করেন।
এদিন কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী, সাবেক ক্যাবিনেট সচিব আবদুল আজিজ, দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী প্রমুখ। তারা এ কলেজের ইতিহাস ও ঐতিহ্যের নানা তথ্য তুলে ধরে বলেন, শিক্ষা-সংস্কৃতির বিকাশে ব্রিটিশ ভারতে প্রথম পর্যায়ে যে কয়টি কলেজ প্রতিষ্ঠা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এগুলোর মধ্যে অন্যতম।
উপমহাদেশের বিখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ, সত্যেন্দ্রনাথ বসু, অদ্বৈত্য মল্লবর্মণ, ধীরেন্দ্রনাথ দত্ত এবং অসংখ্য খ্যাতনামা রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও দেশে-বিদেশে নানাভাবে সুপ্রতিষ্ঠিত সাবেক ছাত্র-ছাত্রীদের পদচারণায় এক সময় মুখর ছিল এ কলেজ ক্যাম্পাস।
সভায় কলেজের প্রাক্তন ছাত্র ডা. প্রাণ গোপাল দত্ত, আবদুল আজিজ, গোলাম রহমান, আ ক ম বাহাউদ্দিন ও নাজমুল আহসান পাখিসহ পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।
