ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাট বাজার এলাকা

ফুটওভারব্রিজ থাকলেও নেই ব্যবহার সড়ক-বিভাজক ভাঙার অভিযোগ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১৬

মিরসরাই উপজেলার বারইয়ার হাট পৌরসদরে ফুটওভারব্রিজ থাকলেও তার যথাযথ ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ সড়ক-নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের। চট্টগ্রাম সড়ক বিভাগ সূত্র জানায়, স্থানীয় লোকজন সড়ক-বিভাজক ভেঙে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। একাধিক বার ঐ স্থানের সড়ক-বিভাজক ভেঙে ফেলার ঘটনা ঘটেছে।

সরেজমিনে বারইয়ার পৌরসদরে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকের যে অংশ দিয়ে পথচারীরা পার হয় সেখান থেকে আনুমানিক ৫০ গজ উত্তরে রয়েছে ফুটওভারব্রিজ। কিন্তু তা কমই দেখা যায় পথচারীদের ব্যবহার করতে। মৃত্যুঝুঁকি নিয়ে সড়ক-বিভাজকের ফাঁকা অংশ দিয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন শত শত পথচারী। রাস্তার ওপর দিয়ে হুড়োহুড়ি করে পথচারী ও মোটরসাইকেল একসঙ্গে পার হওয়ার সময় ঘটছে দুর্ঘটনা।

ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক পথচারী ইত্তেফাককে বলেন, ভারি জিনিসপত্র নিয়ে ফুটওভারব্রিজের ওপর দিয়ে যেতে কষ্ট হয় এবং সময় লাগে। তাই আমি সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়েই পার হয়ে যাই।

বারইয়ারহাট পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক-বিভাজক কেন ফাঁকা রয়েছে তা জানতে চাইলে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহম্মেদ ইত্তেফাককে বলেন, বারইয়ার পৌরবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক-বিভাজকের ফাঁকা অংশ আমরা এ পর্যন্ত দুই বার বন্ধ করেছি, কিন্তু এটি দুই বারই ভেঙে ফেলা হয়েছে।

সড়ক-বিভাজকের ফাঁকা ঐ অংশ আর বন্ধ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এবার আমরা পুলিশকে সম্পৃক্ত করে সড়ক-বিভাজকের ফাঁকা জায়গাটি বন্ধ করার চেষ্টা করব। মানুষ যেভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে এতে দুর্ঘটনা ঘটবেই, এটি বন্ধ না করে উপায় নেই।

এ ব্যাপারে বারইয়ার হাট পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন ইত্তেফাককে বলেন, ঝুঁকি নিয়ে সড়ক-বিভাজকের ফাঁকা অংশ দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার না হওয়ার জন্য বারইয়ার হাট পৌরসভার পক্ষ থেকে অনেকবার মাইক দিয়ে পথচারীদের সতর্ক করা হয়েছে। প্রতিদিন হাজারো পথচারী ঝুঁকি নিয়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছে। কোনোভাবেই এটি বন্ধ করা যাচ্ছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে, বারইয়ার হাট পৌরসদরে ফ্লাইওভার নির্মাণ করতে হবে।

এ বিষয়ে বারইয়ার হাটে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) জাকির হোসেন ইত্তেফাককে বলেন, বারইয়ার হাট পৌরসদরে সড়ক-বিভাজকের ফাঁকা অংশটি আমরা কয়েকবার ঠিক করে দিয়েছি, যাতে কেউ পার না হতে পারে। কিন্তু প্রতিবারই রাতে এটি ভেঙে ফেলা হয়। আমরা যতক্ষণ দায়িত্বে থাকি ততক্ষণ পথচারীদের সতর্ক করি এবং ফুটওভারব্রিজ ব্যবহার করার জন্য অনুরোধ করি।

বারইয়ার হাট পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ বলেন, সড়ক-বিভাজকের জন্য বারইয়ার হাট বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু অতি উত্সাহী মানুষ এটা ভেঙে থাকে। ঐ স্থানে একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানাচ্ছি।