খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১৭

আজ (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। সেশনজট, সন্ত্রাস ও রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এ বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রমের ২৯ বছর পূর্ণ করল। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, প্রদীপ প্রজ্বলন, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। ২০০২ সালের ২৫ নভেম্বর ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয় প্রথম খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অমিত সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস প্রকৃত অর্থে কার্যক্রম মূল্যায়নের দিন। আমাদেরকে অতীতের অভিজ্ঞতায় বর্তমানের প্রচেষ্টায় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।