বাংলাদেশি দুই শ্রমিককে এখনো ফেরত পায়নি বিজিবি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১৯

                       

বাঘা সীমান্তের হরিরামপুর এলাকা থেকে বাংলাদেশি দুই শ্রমিককে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে ।

শনিবার ভারতের মর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

দুই বাংলাদেশি হলেন-বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম ও মৃত মিনু মন্ডলের ছেলে সুমন আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনীর চরে ক্যাশি (খ্যাড়) কাটতে যায় দুই শ্রমিক। এ সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পালিয়ে আসে সাজাহান নামে অপর এক শ্রমিক পরে গ্রামবাসীদের ধরে নিয়ে যাওয়ার খবর জানায়।

পালিয়ে আসে সাজাহান বলেন, আমরা ক্যাশি কাটতে লাগার সঙ্গে সঙ্গে ওপারের সীমান্ত রক্ষীরা পেছন থেকে এসে দুই জনকে ধরলে আমিসহ আরো পাঁচ/ছয় জন পালিয়ে আসি। এরপর বিষয়টা আলাইপুর বিজিবি ক্যাম্প কমান্ডারকে জানাই।

এ বিষয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আবু তালেব বলেন, বাংলাদেশি দুই শ্রমিককে ফিরিয়ে আনার জন্য লিখিত আবেদন করলেও বিএসএফ রবিবার দুপুর পর্যন্ত গ্রহণ করেনি। আমরা সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।