উলিপুরে সরকারি ওষুধ কালোবাজারে বিক্রির সময় পরিবার পরিকল্পনা বিভাগের এক নারী কর্মী (এফডাব্লিউএ) সহ দুই জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। সরকারি ওষুধ চুরির মামলা দিয়ে রবিবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের ফ্যামিলি ওয়েল ফেয়ার অ্যাসিটেন্ট (এফডাব্লিউএ) সুলতানা রাজিয়া ও মতলেব হোসেন শনিবার রাতে সরকারি ১৫ হাজার ৯৬০ পিস জন্ম নিরোধক ট্যাবলেট ও ২৮টি ইনজেকশন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তারা উলিপুর পৌর এলাকার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে গেলে গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তাদের ব্যাগ তল্লাশি করে ওষুধ জব্দ করে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজিবুল ইসলাম বলেন, ঘটনার পর তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি ওষুধ চুরির মামলা দিয়ে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
