নাটোরে ৩০৭টি মৃত বাদুড় উদ্ধার করেছে পুলিশ। বাদুড় শিকার ও নিধনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অমল বিশ্বাস নামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে মৃত বাদুড়গুলো উদ্ধার ও অমল বিশ্বাসকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অমল বিশ্বাস যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য বিশ্বাসের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অমল বিশ্বাসের সঙ্গে থাকা দুইটি বস্তা থেকে ৩০৭টি মৃত বাদুড় পাওয়া যায়। বাদুড়গুলো সে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের কাছে ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করে বলে স্বীকার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে আদালতের নির্দেশে রাজশাহী রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দের নেতৃত্বে বাদুড়গুলো মাটি চাপা দেওয়া হয়।
