জেলা আওয়ামী লীগ

বান্দরবানে সম্মেলন আজ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:২২

দীর্ঘ ছয় বছর পর বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকালে স্থানীয় রাজারমাঠে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনীতি। সরব হয়ে উঠেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও। তবে দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলনে সিলেকশন কমিটি ঘোষণা করা হবে, নাকি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে আগামী দিনের নতুন নেতৃত্ব। এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শফিকুর রহমান এবং সদস্য সচিব ক্যসা প্রু মারমা বলেন, জেলার সাতটি উপজেলা, দুইটি পৌরসভা এবং ৩৩টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে উঠবে মাঠ।