তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে প্রথমবারের মতো পোশাকশিল্প খাতের কর্মরত শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের উন্নতি বিষয়ে এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে গতকাল রবিবার উত্তরার বিজিএমইএ অফিসে বিজিএমইএ এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’ এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো—পোশাকশিল্পের শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে তাদের জীবনকে কল্যাণময় ও আনন্দময় করা এবং তাদের উত্পাদন দক্ষতা বৃদ্ধি।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের উপস্থিতিতে বিজিএমইএর পক্ষে ভারপ্রাপ্ত সচিব মুনসুর খালেদ এবং ‘মনের বন্ধু’ এর পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় বিজিএমইএর পরিচালক মো. শিহাবউদ্দোজা চৌধুরী, পরিচালক আসিফ ইব্রাহিম এবং মনের বন্ধুর প্রোগ্রাম ম্যানেজার ইপসিতা সিদ্দিকী উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় ‘মনের বন্ধু’ বিজিএমইএ এর সদস্যভুক্ত ২০০টি পোশাক কারখানায়, প্রতিটিতে ৫০ শ্রমিককে গ্রুপভুক্ত করে আবেগ ব্যবস্থাপনা ও দক্ষতা বৃদ্ধি, যৌন হয়রানি ও প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিকভাবে নিজেকে ভালো রেখে কীভাবে উত্পাদনশীলতা বাড়ানো যায়, সে বিষয়ে অনুপ্রেরণাদানকারী, প্রণোদনামূলক পরামর্শ দিবেন।
