বাংলাদেশ বিমান বাহিনী কঙ্গোতে (ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো) নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কন্টিনজেন্ট প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ উপলক্ষ্যে গতকাল রবিবার বাংলাদেশ বিমান বাহিনীর ‘ঘাঁটি বাশারে’ আয়োজিত এক অনুষ্ঠানে কঙ্গোগামী ব্যানএয়ারের সদস্যদের উদ্দেশে বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। পরে বিমান বাহিনী প্রধান মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিমান বাহিনীর সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, ঢাকার এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) বিমান বাহিনীর ৩২০ জন সদস্যসহ একটি সি-১৩০ পরিবহন বিমান, ছয়টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।
