কেরদানি
ক্ষতি তেমন হওয়ার আগেই ঝড়টা গেল থেমে,
শেষের দিকে মুষলধারে বৃষ্টি এলো নেমে।
ওঝা বলল, আমার ফুঁতেই ঝড়টা নাস্তানাবুদ,
সবাই দেখুক, আমার দোয়া কবুল করেন মাবুদ।
নেতা বলেন, আমরা আছি গদিতে ভাগ্যিস—
নইলে ঝড়ে ঘটে যেত কী অঘটন—ইশ!
উলটো সেবা
মশার জ্বালায় খাদু মিয়া ভীষণ নাজেহাল,
ডেঙ্গজ্বরে দেশের লোকের হলো বাজে হাল।
খাদুর পাড়ায় মশা মারার চলছে অভিযান,
বুকের ভেতর সে পায় সাহস, বাঁচবে সবার প্রাণ।
হায় রে কপাল—তার আঙিনায় পাওয়া গেছে লার্ভা,
জরিমানা দিতে হবে—জানা ছিল কার বা!
নাট্যজন
অভিনেতা হন যখনই নেতার অধীন নেতা,
তখন তিনি থাকেন না আর দীপ্র-স্বাধীনচেতা।
সত্যিকারের নাট্যজনের প্রাণে থাকে দ্রোহ,
মূল্যবোধই চালায় তাঁকে, চান না অনুগ্রহ।
যাঁরা করেন নেতার পুজো, ছাড়ুন তাঁরা নাটক,
তাঁদের আত্মা অনিয়মের প্রভুর মুঠোয় আটক।
