হুমকির মুখে আন্তর্জাতিক শ্রমবাজার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:৩৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে শত শত প্রবাসীর গল্প। দেশে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে প্রতি বছর সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, লিবিয়া, কুয়েত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বৈধ-অবৈধ পথে পাড়ি জমায় লাখ লাখ শ্রমিক। অল্পস্বল্প সফল হলেও বাকিদের অবস্থা করুণ। বর্তমানে বাংলাদেশের প্রবাসীরা নানা সমস্যা সম্মুখীন হচ্ছে। অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বেতনভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা কম বাংলাদেশের শ্রমিকদের। তারা নানাভাবে বঞ্চিত-লাঞ্ছিত হচ্ছে কর্মক্ষেত্রে। নারী শ্রমিকদের অবস্থা আরো ভয়াবহ। অনেকে যৌন নির্যাতনেরও শিকার হচ্ছে কর্মক্ষেত্রে। নির্যাতিত হয়ে শূন্য হাতে দেশে ফিরছে হতাশা নিয়ে। অপরদিকে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে হাজার হাজার শ্রমিকের সঙ্গে প্রতারণা করছে দালাল চক্র। বিদেশে নিয়ে পণ্যের মতো বিক্রি করে দিচ্ছে তাদের। এখানেই শেষ নয়, এই দালাল চক্র প্রবাসীদের জিম্মি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় মাসের পর মাস। তাদের কাঙ্ক্ষিত অর্থ আদায় না করা পর্যন্ত চলে অমানবিক জুলুম-নির্যাতন। অনেকে অবৈধভাবে বিদেশে গিয়ে অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। তাদের এই করুণ পরিণতি কেউ দেখছে না। অথচ প্রবাসীদের অর্জিত রেমিটেন্সে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই প্রবাসীদের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মসংস্থানের দায়দায়িত্ব সরকারেরই নেওয়া উচিত বলে মনে করি।

আবদুল মজিদ মিয়া

সদরপুর, ফরিদপুর