তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব একটি মহামারি। যা আমরা কেবল বাংলাদেশে নয়, বহির্বিশ্বের বড়ো বড়ো দেশেও দেখছি। গুজবের প্রকোপ তৃতীয় বিশ্বের দেশে অনেক বেশি। বাংলাদেশে এর বহুবিধ ব্যবহার ইদানীং ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। সরকারের উচিত দ্রুত গুজব মোকাবিলা করতে একটি টিম গঠন করা। গুজবের নামে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা, ভোলার বোরহানউদ্দিনে নৃশংস ঘটনা, গলা কাটা, এ ধরনের আরো একটি গুজব দেখা গেল লবণের বাজারে। এভাবে একটার পর একটা গুজব ছড়িয়ে ফায়দা লুটতে একটি শ্রেণির সপর্ধা বেড়েই চলেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যদিও তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা সরকারকে বিব্রত করতেই এহেন গর্হিত কাজ করে চলেছে। পেঁয়াজের বাজারের চিত্রও তার বিপরীত নয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অন্যায় করে সরকারকে ফাঁসাতে লিপ্ত। এদের কঠোর হস্তে দমন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা জঙ্গিবাদবিরোধী অভিযানের মতো দৃঢ় অভিযান কামনা করব।
সিরাজুল মুস্তফা, চট্টগ্রাম
