অরক্ষিত রেলক্রসিংয়ে গেট নির্মাণ চেয়ে রিট

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:৫৩

অরক্ষিত রেলক্রসিংয়ে গেট স্থাপন ও রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত ডাটাবেজ অনুযায়ী সারাদেশে ৯৪৬টি লেভেল ক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে। রেলওয়ে আইন অনুযায়ী রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ফেঞ্চিংয়ের ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। কিন্তু রেল দুর্ঘটনায় প্রাণহানির পরেও সেই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা দেওয়া দরকার।

চলতি সপ্তাহে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট করেন। এতে বলা হয়, সারাদেশে ১ হাজার ৪১২টি লেভেল ক্রসিং রয়েছে। বুয়েটের গবেষণা প্রতিষ্ঠান এআরআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৩৫টি দুর্ঘটনায় ২৪৪ জন মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ২২৮ জন। ২০১৭ সালে ২১১টি দুর্ঘটনায় ২২৯ জন মারা যায় এবং আহত হয় ১৫৫ জন। ২০১৬ সালে ৫৬টি দুর্ঘটনায় ৫৯ জন মারা যায় এবং ৪৬ জন আহত হয়। এই প্রাণহানি রোধে অরক্ষিত রেল ক্রসিংয়ে নিরাপত্তা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।