ঐক্যফ্রন্ট অন্ধকার পথে ক্ষমতায় যেতে চায়: বাবলা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

ঢাকা-৪ আসনে মহাজোটের একক প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, তথাকথিত ঐক্যফ্রন্ট ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে অন্ধকার পথে ক্ষমতায় যেতে চায়। 

রবিবার বিকালে নিজ নির্বাচনি আসনের কদমতলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ ও জাপা নেতাদের নিয়ে নির্বাচনী প্রচার মিছিল শেষে মুন্সীবাড়ী এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

রবিবার বাবলার পক্ষে দিনভর নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। দুপুরে ছাত্রলীগ বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে বাবলার পক্ষে প্রচার মিছিল করেন। মিছিলটি  ধোলাইপাড় থেকে শুরু হয়ে জুরাইন, মীরহাজীরবাগ হয়ে জুরাইন রেলস্টেশনে গিয়ে শেষ হয়। একই সময়ে ৫৭ ও  ৫৮ নম্বর ওয়ার্ডে প্রচার মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ ও জাপা। 

আরও পড়ুন: জাপানে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪১

সকালে শ্যামপুর বালুর মাঠ থেকে প্রচারণা শুরু করেন বাবলা। সেখানে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও জাপা  নেতাদের সঙ্গে নিয়ে লাঙ্গলে ভোট চান। দুপুরে তিনি ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে সংসদ সদস্য সানজিদা খানম, ইব্রাহিম মোল্লা ও কাউসার আহমেদও বক্তব্য রাখেন। বিকাল তিনটার দিকে আলমবাগে এক পথসভায় বক্তব্য রাখেন বাবলা পত্নী সালমা হোসেন।

ইত্তেফাক/এমআই