দুদক হেফাজতে নেওয়ার আগেই বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি সম্রাট

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:০৯

কারাবন্দি যুবলীগ নেতা (বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কার্ডিয়াক ইমারজেন্সিতে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-২ এ স্থানান্তর করা হয়। দুদকের আবেদনে গত ১৭ নভেম্বর সম্রাটকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ঢাকার জজ আদালত। সেই অনুমতির ভিত্তিতে গতকাল রবিবার থেকে হেফাজতে নেওয়ার কথা ছিল দুদকের।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, হার্টের সমস্যা দেখা দিলে সম্রাটকে প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিত্সকদের পরামর্শে তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১২ নভেম্বর ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত ১৭ নভেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ‘ক্যাসিনো সম্রাট’ নামে পরিচিত সাবেক এই যুবলীগ নেতাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ ামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় সম্রাটকে গ্রেফতার করে র্যাব।