জাপানের টোকিওতে চার দিনের সরকারি সফরে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক গত ১৮ নভেম্বর ২০১৯ তারিখ ঢাকা ত্যাগ করেন।
তিনি জাপানের টোকিও শহরে জাপান কোস্ট গার্ড ও নিপ্পন ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় গত ১৯-২২ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সিজিজিএস সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বব্যাপী উপকূল রক্ষাকারী বাহিনী এবং সংস্থাগুলোর মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংলাপ ও সহযোগিতার একটি ভিত্তি স্থাপন, বিশ্ব জুড়ে মানবসম্পদের বিকাশ ও সুরক্ষা বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। সফরকালে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক জাপান কোস্ট গার্ড প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। জাপান সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৪টি অত্যাধুনিক বোট বর্তমানে জাপানে নির্মাণাধীন রয়েছে যা দুই দেশের মধ্যকার সুসম্পর্কের বহিঃপ্রকাশ। উক্ত সম্মেলনের মাধ্যমে দুই দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। জাপান সফর শেষে মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
