বলিউডের ব্যবসাটা আমি বুঝি:কঙ্গনা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২০:২৪

বিনোদন ডেস্ক

 

অভিনয়ের পর এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান। অযোধ্যা মামলার ওপর নির্মাণ করবেন তার প্রথম সিনেমা। এরইমধ্যে নামও ঠিক করে ফেলেছেন কঙ্গনা। তার প্রথম সিনেমার নাম হবে ‘অপরাজিত অযোধ্যা’। একটি প্রথমসারির স্টুডিওর সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন কঙ্গনা।

সিনেমা নির্মাণ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার যে ক’দিনের অভিজ্ঞতা রয়েছে সেই জায়গা থেকে সিনেমার প্রডিউস করা আমার জন্য কঠিন কিছু হবে না। আর বলিউডের ব্যবসাটা আমি বুঝি। আমার অভিনীত সিনেমাগুলো দিয়েও আমি সেটি বুঝতে পারি। ৮০-র দশকে জন্ম হওয়ায় ছোট থেকেই অযোধ্যা বিতর্কের কথা শুনেই আমি বড় হয়েছি। কয়েকশ বছর ধরে এই বিষয়টি বহু মানুষকে ভাবিয়ে এসেছে। অপরাজিত অযোধ্যা আসলে একজনের নাস্তিক থেকে আস্তিকে পরিণত হওয়ার গল্প। আমাদের দেশের একতা ও ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করার অনেক চেষ্টা হয়েছে। তবু আমরা আমাদের বিশ্বাসকে হারিয়ে যেতে দিইনি।’