রিয়ালের প্রতিশোধের পালা আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:০০

স্পোর্টস ডেস্ক

পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিন গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা আজ মঙ্গলবার রাতে সে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে। নিজেদের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে পিএসজির মুখোমুখি হওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয় দলটির আত্মবিশ্বাসের পালে জোর হাওয়াই দেবে।

এদিকে জুভেন্তাস ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকলেও আজ অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারলে গ্রুপ শ্রেষ্ঠত্ব কিছুটা হুমকির মুখেই পড়ে যাবে দলটির। এমন সমীকরণ সামনে রেখেই দলটি স্প্যানিশ জায়ান্টদের আতিথ্য দেবে আজ।  টটেনহ্যাম লিগে বাজে অবস্থানে থাকলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পথেই আছে। আজ রাতে অলিম্পিয়াকোসের বিপক্ষে দলটি জিতে গেলে আর বায়ার্ন রেডস্টারকে হারালে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোয় পৌঁছে যাবে হোসে মরিনহোর শিষ্যরা। একই সমীকরণ সামনে রেখে ইংলিশ চ্যাম্পিয়ন সিটিও আজ শাখতার দোনেতস্কের বিপক্ষে মাঠে নামবে।

চলতি মৌসুমের শুরুটা মোটেও আশানুরূপ হয়নি রিয়ালের। ফলে লা লিগার মতো চ্যাম্পিয়ন্স লিগেও গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা পিএসজি চার ম্যাচের চারটিই জিতে ১২ পয়েন্ট পেয়েছে। আর রিয়ালের সংগ্রহ সাত। দ্বিতীয় রাউন্ডে বড়ো দলগুলোকে এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে দলটিকে। তবে আজ রাতে জিতে গেলে পথটা সহজ হয়ে যাবে তাদের। সেক্ষেত্রে শেষ ম্যাচে ক্লাব ব্রুজকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় যাবে তারা। তাই সবকিছু মিলিয়ে পিএসজির বিপক্ষে মনে প্রাণে জয়টাই চাইবে রিয়াল। এদিকে নতুন কোচের অধীনে বায়ার্ন মিউনিখ আজ রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে নামবে রেড স্টারের বিপক্ষে। জার্মান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে জিতে গেলে শেষ ষোলোয় তো উঠে যাবেই, উপকার করবে টটেনহ্যামেরও। সেক্ষেত্রে রেড স্টারের শেষ ষোলোর আশা শেষ হয়ে যাবে অনেকটাই। আর হোসে মরিনহোর দল নিজেদের মাঠে অলিম্পিয়াকোসকে হারালেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলবে।

‘ডি’ গ্রুপে জুভেন্তাস-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটাকে অনেকটা গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিতের ম্যাচই বলা চলে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জুভেন্তাসকে আজ রাতে হারাতে পারলে দলটির সঙ্গে পয়েন্টে সমতা ফেরাবে অ্যাটলেটিকো। নিজেদের শেষ ম্যাচে দুটি দলই জিতলে সেক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে গোলগড়ে। ‘সি’ গ্রুপে সিটি দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটা এগিয়ে থাকলেও পুরোপুরি নিশ্চিত হয়নি এখনো। আজ শাখতারকে হারাতে পারলে শেষ ষোলোর ন্যূনতম শঙ্কাটাও সরে যাবে দলটির।