আবার ইনিংস পরাজয়ের চক্র

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:০১

বাংলাদেশের ইনিংস পরাজয়

মোট ইনিংস পরাজয়     ৪৩টি         n ২০০১—২০০৮     ৩৪টি 

n  ২০০৯—২০১৮     ৫টি            n ২০১৯                 ৪টি

 দেবব্রত মুখোপাধ্যায়

ইনিংস পরাজয় এক সময় বাংলাদেশের রোজকার সঙ্গী ছিল।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম ছয়-সাত বছর বাংলাদেশ দল নিয়মিত বিভিন্ন প্রতিপক্ষের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে। এর মধ্যে ৩ বার রেকর্ড টানা ৫ ম্যাচ করে হারার রেকর্ড আছে বাংলাদেশের। তবে ২০০৮ সাল থেকে ইনিংস পরাজয়ের এই গতিটা কমে এসেছিল। মনে হচ্ছিল, এই ধারা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু আবার সেই দুঃস্মৃতি ফিরে এসেছে। আবার টানা ইনিংস পরাজয়ের ধারায় ঢুকে পড়েছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে শেষ হওয়া সিরিজের দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কার্যত কোনো একটা ম্যাচে সফরকারী খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। বোলাররা তবু দ্বিতীয় টেস্টে একটু লড়াই করেছেন। কিন্তু ব্যাটসম্যানরা রুখেই দাঁড়াতে পারেননি। চার ইনিংসের মধ্যে একবার ২০০ রান পার করেছে মুমিনুল হকের দল। চারটি ইনিংস ছিলো যথাক্রমে—১৫০, ২১৩, ১০৬ ও ১৯৫।

ভারতের বিপক্ষে এই দুই ইনিংস পরাজয়ের ফলে এই বছরে বাংলাদেশ চারটি ম্যাচ ইনিংস ব্যবধানে হারল। এ বছর বাংলাদেশ ৬টি টেস্ট খেলেছে। ফলে প্রায় ৬৭ শতাংশ ম্যাচ এই বছর বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। এই রেকর্ডটা বাংলাদেশের শুরুর লজ্জার দিনগুলোর মতোই।

এ পর্যন্ত বাংলাদেশ ১১৭টি টেস্ট খেলেছে। এর মধ্যে ৮৮টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। বিস্ময়করভাবে প্রায় অর্ধেক হার এসেছে ইনিংস ব্যবধানে। ৪৩টি ম্যাচ বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে। তবে এই ইনিংস পরাজয়ের বেশিরভাগই এসেছে ২০০৮ সালের আগে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম ৮ বছরে বাংলাদেশ ৩৪টি ম্যাচ ইনিংস ব্যবধানে হেরেছে। বছরে ৪টিরও বেশি। এর মধ্যে ২০০১-০২ সালে একবার এবং ২০০৪ ও ২০০৫ সালে একবার করে বাংলাদেশ টানা ৫টি করে ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল। ২০০১-০২ সালে টানা ৫ ম্যাচ ইনিংস ব্যবধানে হারার পর এক ম্যাচ বিরতি দিয়ে আবারও টানা তিন ম্যাচ হেরেছিল ইনিংস ব্যবধানে। মানে টানা ৯টি ম্যাচের মধ্যে ৮টিই ইনিংস ব্যবধানে হেরেছিল। এ ছাড়া দুই বার বাংলাদেশ টানা ৪টি করে ম্যাচ ইনিংস ব্যবধানে হেরেছে।

কিন্তু ২০০৮ সালের পর থেকে এই প্রবণতা অনেক কমে আসে। ২০০৮ থেকে ২০১৮; এই ১১ বছরে বাংলাদেশ মাত্র ৫টি ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে। মানে, প্রতিদ্বন্দ্বিতার একটা ধারাবাহিকতা তৈরি করতে পেরেছিল তারা এই সময়ে। এই এক দশকে বাংলাদেশ বেশ কিছু ম্যাচ ড্র করেছে এবং ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে ম্যাচ জিতেছে। ফলে মনে হচ্ছিল টানা ইনিংস ব্যবধানে হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে দলটি।

কিন্তু ২০১৮ সালের শেষেই আবার বিপরীত বৃত্তে ঢুকে পড়েছে বাংলাদেশ। সর্বশেষ যে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ; এর মধ্যে ৫টিই তারা হেরেছে ইনিংস ব্যবধানে। এর মধ্যে টানা তিনটি ম্যাচ হেরেছে তারা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সর্বশেষ দুটি হেরেছে ভারতের বিপক্ষে।

দৃশ্যত যে অবস্থাকে বাংলাদেশ ২০০৮ সালে বিদায় দিয়ে এসেছিল, এক দশক পর আবার সেই চক্রে ঢুকে পড়েছে তারা। এখন বাংলাদেশের সামনে আগামী এক বছরে ১১টি টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে খেলতে হবে শক্তিশালী সব দলের বিপক্ষে। ফলে ২০০১-০২ সাল ফিরে আসার ভয় পেলেও সেটা অমূলক নয়।