চট্টগ্রাম-সিলেটের খেলায় শুরু বিপিএল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:০১

স্পোর্টস রিপোর্টার

ডিসেম্বরের ৮ তারিখ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। উদ্বোধনী খেলায় মিরপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। দিনের অন্য খেলায় লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। বিপিএলে প্রতিদিন দুটো করে খেলা অনুষ্ঠিত হবে। দিনের খেলা শুরু হবে সাড়ে ১২টা থেকে। আর রাতের খেলা শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে। শুক্রবার অবশ্য একটু অন্যরকম সূচি। সেদিন দিনের খেলা শুরু হবে ২টা থেকে এবং রাতের খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

ঢাকায় প্রথম পর্বে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত খেলা হবে। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর খেলা হবে চট্টগ্রামে। ২৭ থেকে ৩১ ডিসেম্বর আবার ঢাকায় খেলা হবে। ২ থেকে ৪ জানুয়ারি খেলা হবে সিলেটে। ৭ জানুয়ারি থেকে শেষ পর্যন্ত ঢাকায় খেলা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।