ছবিতে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:৪১

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে চলছে প্রদর্শনী

g ইত্তেফাক রিপোর্ট

ব্রিটিশ কাউন্সিল কালচারাল সেন্টারে চলছে ‘ক্লাইমেট চেঞ্জ-টাইম ফর অ্যাকশন’ শীর্ষক প্রদর্শনী। জলবায়ু পরিবর্তনের প্রভাব আরো বেশি করে দৃশ্যমান হচ্ছে এবং সাম্প্রতিক প্রতিবেদনগুলো জানাচ্ছে যে প্রভাবগুলো আগের পূর্বাভাসের চেয়ে দ্রুত ঘটছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোও বিশ্বের জন্য বিষয়টি হুমকিস্বরূপ। প্রদর্শনীর ছবিগুলোতে সেই ইঙ্গিতই ফুটে উঠেছে। জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে গ্রামীণ এলাকা থেকে ঢাকায় চলে আসা মানুষের গল্পও উঠে এসেছে এ প্রদর্শনীতে।

প্রদর্শনীর জন্য বাংলাদেশের মানুষের জীবন ও পরিবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সংশ্লিষ্ট ছবি জমা দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানো হলে অনেকে তাদের ছবি দেন। সেখান থেকে ৫০টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হয় এবং তার মধ্যে তিনটি পুরস্কার জিতে নেয়। প্রদর্শনীতে সাতক্ষীরায় পানিবন্দি স্কুলের শিক্ষার্থীদের নৌকায় চড়ে স্কুলে যাওয়ার ছবিটিকে সেরা ছবি হিসেবে নির্বাচিত করা হয়।

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টির (কপ) ২৫তম অধিবেশনকে সামনে রেখে জার্মান দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন এবং জিআইজেডর সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল এ ছবি প্রদর্শনীর আয়োজন করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন প্রদর্শনীর উদ্বোধন করেন এবং ছবি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। ঢাকায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কানবার হোসেন বোর এবং বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্য বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ সরকার, বিভিন্ন কূটনীতিক মিশন এবং ইউএন মিশনের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গবেষক, গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।