ফরিদপুর জেলা ১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন বিশ্বনন্দিত কবি জসীম উদদীন। আমাদের দেশে জাতীয় কবি, বিশ্বকবি এবং আরো অনেক কবি-সাহিত্যিকের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে গ্রামবাংলার জীবন যাঁর সাহিত্যে রূপায়িত হয়েছে, সেই কবির নামে ‘পল্লিকবি জসীম উদদীন বিশ্ববিদ্যালয়’ হবে না কেন? বর্তমান সরকারের আমলে ফরিদপুরের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ফরিদপুরকে ‘পদ্মা’ নামে বিভাগ এবং ফরিদপুর সিটি করপোরেশন বাস্তবায়ন করার প্রস্তাব করা হয়েছে। হয়তো ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। ইতিমধ্যে এ বিষয়ে অনেকেই জাতীয় পত্রপত্রিকাতেও লিখেছেন। পরিশেষে বলতে চাই, ফরিদপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে তার নামকরণ যেন করা হয় ‘পল্লিকবি জসীম উদদীন বিশ্ববিদ্যালয়’। এটি একটি যৌক্তিক দাবি।
মো. আতাউর রহমান সুজন
বি.এ. অনার্স (পাস), ইতিহাস বিভাগ,
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
