মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না :নাসিম

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:০৭

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশে এখনো গণতন্ত্র আছে বলেই বিরোধীদল সংসদে এবং মাঠে-ময়দানে কথা বলতে পারছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের ক্ষুধা নিয়ে অপরাজনীতি করবেন না। যে কোনো আন্দোলনে গণতান্ত্রিক পথে থাকুন, মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি করবেন না। গতকাল সোমবার সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, পৌরসভার মেয়র হাজী নিজামউদ্দিন, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সাকারসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা স্ব স্ব বিভাগের উন্নয়ন চিত্র এবং সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। প্রধান অতিথি মোহাম্মদ নাসিম তাদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।