আওয়ামী লীগের সম্মেলন

খোকসা ও পাটগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:০৮

কুষ্টিয়ার খোকসা ও লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে সংর্ঘষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

খোকসা (কুষ্টিয়া) :উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগে সভাস্থল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পালটা হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়। পরে পুরাতন কমিটির সভাপতি-সস্পাদককে বহাল রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়। সোমবার দুপুরে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সমর্থক ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের নেতাকর্মীরা সভাস্থলের চেয়ার দখলের      চেষ্টা করে। এ সময় প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই দলের প্রায় ১৫ জন আহত হয়। পরে দুপুর ২টার দিকে জেলা সভাপতির সর্মথক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র তারিকুল ইসলামের কর্মীরা লাঠি সোটা নিয়ে সভাস্থল দখলের চেষ্টা করে। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে হামলা ও সংঘর্ষের ঘটনায় তিন ইউপি সদস্যসহ প্রায় ৫০ জন গুরুতর আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বেশ কয়েকজনকে উন্নত চিকিত্সার জন্য কুষ্টিয়াসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর সভাস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাটগ্রাম (লালমনিরহাট) :লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।  গতকাল সোমবার ঐ ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন উপস্থিত থেকে কমিটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু তিনি আসার আগেই সভাপতি পদপ্রার্থী শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টাব্যাপী ধাওয়া ও পালটা ধাওয়ায় পুলিশসহ ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ার শেল এবং শটগানের ৫০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। সংঘর্ষ ও আহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সম্মেলন স্থগিত ঘোষণা করে। গুরুতর আহত চারজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গায় যুবলীগের কর্মীদের মধ্যে মারামারি, আহত ১

এদিকে নাটোর প্রতিনিধি জানান, পূর্ববিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গায় যুবলীগের কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় এরশাদ আলী নামের এক জন আহত হয়েছেন।