হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিশাল জয়

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:১২

হংকংয়ের স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থীরা তথা চীনবিরোধীরা বিশাল জয় পেয়েছেন। সেখানকার ১৮টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে ১৭টিতেই জিতেছেন গণতন্ত্রপন্থী প্রার্থীরা। বেইজিং বিরোধী আন্দোলন শুরুর পর এই প্রথম হংকংয়ে কোন নির্বাচন হলো। এতে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। ব্যাপক জয়ের বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। ভোটের ফলাফলে ল্যামের নেতৃত্বের সমালোচনা       এবং চলমান বিক্ষোভের প্রতি জনসমর্থনের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন। খবর বিবিসির

হংকংয়ে ক্যারি ল্যাম একটি বিতর্কিত প্রত্যর্পণ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার পর থেকে তার বিরোধিতায় বিক্ষোভ শুরু হয় যা ক্রমেই সহিংস হয়ে উঠেছে। গতকাল অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে ল্যাম বলেন, নির্বাচনের ফলের প্রতি সরকার শ্রদ্ধাশীল। তিনি বলেন, অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে মানুষের অসন্তুষ্টি এবং সমাজের গভীরে নিহিত সংকটের বহিঃপ্রকাশ ঘটেছে ফলাফলে। বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার জনপ্রতিনিধিদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনবে এবং বিবেচনা করবে। এদিকে এ বিজয়ের পর চীন এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু জাপান সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যাই ঘটুক না কেন, হংকং সবসময় চীনের অংশ। হংকংয়ে গোলমাল করার চেষ্টা কিংবা এর সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করার চেষ্টা কাজে আসবে না।

হংকংয়ের জন্য এর অর্থ কী?

হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিলরদের খুব সামান্য রাজনৈতিক ক্ষমতা থাকে। তারা স্থানীয় ইস্যু যেমন গণপরিবহনের রুট বা পয়ঃনিষ্কাশনের মতো বিষয় নিয়ে কাজ করেন। মূলত রাজনৈতিক ক্ষমতা না থাকা বা কম থাকার কারণেই এই নির্বাচন নিয়ে বাসিন্দাদের মধ্যে তেমন আগ্রহ থাকে না। কিন্তু এই কাউন্সিলররাই ১১৭ জন সদস্যকে নির্বাচিত করেন যারা ১২০০ সদস্য বিশিষ্ট কমিটিতে যাবেন। এই কমিটি হংকংয়ের প্রধান প্রশাসককে নির্বাচিত করবে। যাকে পরে চীন সরকার আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়।