পেঁয়াজের দাম কমবে কবে?

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:১৩

পেঁয়াজের দাম কমবে কবে? কিংবা আদৌ কি আমরা আবার ২৫ থেকে ৪০ টাকার মধ্যে পেঁয়াজ কিনতে পারব? এ প্রশ্ন এখন ভোক্তাদের। ২৫ থেকে ৪০ টাকার কথা বলা হচ্ছে কারণ, সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত বছরের এই সময়ে দেশের বাজারে এই দামেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। এই হিসাবে গত এক বছরের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ছয় গুণ। তাই  হতাশ ক্রেতাদের এখন একটাই প্রশ্ন, ‘পেঁয়াজের দাম কমবে কবে?’

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ২৫ থেকে ২৬ লাখ টন। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০১৮-১৯ অর্থবছরে দেশে মোট পেঁয়াজ উত্পাদন হয়েছে ২৩ দশমিক ৩০ লাখ টন। এর মধ্যে ৩০ শতাংশ সংগ্রহকালীন ও সংরক্ষণকালীন ক্ষতি বাদ দিলে এর পরিমাণ দাঁড়ায় ১৬ দশমিক ৩০ লাখ টন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১০ দশমিক ৯১ লাখ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এই হিসাবে গড়ে প্রতি মাসে প্রায় ১ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। আর সেপ্টম্বর থেকে নভেম্বর এই তিন মাস যেহেতু দেশীয় পেঁয়াজের সরবরাহ কম থাকে, তাই এ সময় প্রতি মাসে ১ লাখ টনের বেশি পেঁয়াজ আমদানি করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম গতকাল ইত্তেফাককে জানান, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে পেঁয়াজ আমদানি হয়েছে মাত্র ২ লাখ ৫২ হাজার টন। অর্থাত্, গড়ে প্রতি মাসে আমদানি হয়েছে ৬৩ হাজার টন পেঁয়াজ।

পেঁয়াজ আমদানিকারক নারায়ণ চন্দ্র রায় ইত্তেফাককে বলেন, বর্তমানে দেশে পেঁয়াজ-সংকটের একটাই কারণ, চাহিদামতো পেঁয়াজের সরবরাহ নেই। সরবরাহ বাড়লে দাম ঠিকই কমে আসবে।