চাকরি রাজস্বভুক্তকরণের দাবিতে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীবৃন্দ গতকাল সোমবার সকালে কাওরান বাজারস্থ বিআরডিবি সদর কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচিতে এসে বিআরডিবি’র মহাপরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ইউসিসিএ লি. কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের দাবিসমূহ যৌক্তিক। তিনি অতি দ্রুত বেতন ভাতা প্রদানসহ ইউসিসি কর্মচারীদের রাজস্বভুক্তকরণের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন।
দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে পুনরায় বিআরডিবির মহাপরিচালক বরাবরে দাবি সংবলিত একটি পত্র তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, ২০১২ সালের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ইউসিসিএ কর্মচারীদের রাজস্বভুক্তকরণ ও রাজস্বভুক্ত না হওয়া পর্যন্ত ৭০ ভাগ বেতন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বিগত ৭ বছরেও সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়নি। ফলে সারাদেশে কর্মরত ইউসিসিএর ২১৩০ জন কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল আজ ২৬ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি বাস্তবায়নের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন তিনি।
কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মামুন আলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
