অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি আরমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছয় দিনের রিমান্ডের প্রথম দিন ছিল গতকাল সোমবার। আরমানের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। এর আগে গতকাল দুপুরে দুদক কর্মকর্তারা কেরানীগঞ্জ কারাগার থেকে আরমানকে তাদের হেফাজতে নিয়ে নেন। বিকাল সাড়ে তিনটায় তাকে কমিশনের প্রধান কার্যালয়ে আনা হয়। উল্লেখ্য, আরমান ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত।
দুদক সূত্র জানায়, ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১২ নভেম্বর দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে আরমানের বিরুদ্ধে মামলা করেন।
